[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Daily Sadaqah
Donate Now
Daily Sadaqah Donate Now
12Nov

যাকাতের অর্থ ও তাৎপর্য

যাকাতের শাব্দিক ও পারিভাষিক অর্থ


strong>যাকাতের শাব্দিক ও পারিভাষিক অর্থ

‘যাকাত’ একটি আরবী শব্দ। এর আভিধানিক অর্থ: পবিত্রতা, ক্রমবৃদ্ধি ও প্রশংসা। পারিভাষিক অর্থে ‘নির্দিষ্ট পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির মালিকানায় থাকলে নির্দিষ্ট সময় পর ঐ সম্পদের একটি অংশ শরীয়াহ কর্তৃক নির্ধারিত খাতে বিতরণ ও বণ্টন করাকে ‘যাকাত’ বলে। এখানে ‘নির্দিষ্ট পরিমাণ সম্পদ’ বলতে ‘নিসাব’ পরিমাণ সম্পদ বুঝানো হয়েছে, যার মালিককে ‘সাহিবে নিসাব’ বলা হয়। ‘নির্দিষ্ট সময়’ বলতে এক চান্দ্র বছর এবং ‘নির্ধারিত খাত’ বলতে যাকাত প্রদানের খাতসমূহকে বুঝানো হয়েছে। আবার যাকাত বলতে ঐ সম্পদকেও বুঝায় যা আল্লাহর নির্দেশে আলোকে বছরান্তে নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারীগণ নির্দিষ্ট খাতে বণ্টন করেন। নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করাকে যেমনি যাকাত বলে, তেমনি দানকৃত সম্পদকেও যাকাত বলা হয়।  

যাকাতের আভিধানিক ও পারিভাষিক অর্থের মাঝে সাযুজ্য ও সঙ্গতি বিদ্যমান। আল্লাহ্ তা‘আলা বলেছেন,

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ ﴿١٩﴾

অর্থাৎ ‘তাদের (ধনীদের) সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে’ (সূরাহ যারিয়্যাত, ৫১: ১৯)।

যাকাত আদায়ের মাধ্যমে ধনীরা নিজেদের সম্পদে বিদ্যমান থাকা অপরের ‘হক’ (অধিকার) হস্তান্তর করেন। ফলে একদিকে তাদের সম্পদ পবিত্র হয়, অপরদিকে তাদের মনও কৃপণতার কলুষতা হতে পবিত্রতা লাভ করে। যাকাত আদায়ের ফলে সম্পদ আবর্তিত হয়। তাই আপাতদৃষ্টিতে সম্পদ হ্রাস পায় বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা বেড়ে যায়। তা ছাড়া যাকাতের কারণে নেকীও বর্ধিত হয়। এভাবে দেখা যায়, শব্দটির মূল আভিধানিক অর্থ তথা ‘পবিত্রতা’ ও ‘উন্নতি’ যাকাত আদায়ের মাধ্যমে অর্জিত হয়।  

কুরআন ও সুন্নাহতে ব্যবহৃত যাকাতের সমার্থক পরিভাষাসমূহ

কুরআন ও হাদীসে যাকাতের সমার্থবোধক বা কাছাকাছি অর্থের আরো কিছু পারিভাষিক শব্দ পাওয়া যায়। এখানে তার কয়েকটি উল্লেখ করা হলোঃ

(ক) সাদাকাহ (الصدقة)

কুরআন ও হাদীসে কখনো কখনো ‘যাকাত’ (সুনির্ধারিত আবশ্যকীয় দান) অর্থে ‘সাদাকাহ’ শব্দটি প্রয়োগ করা হয়েছে। যেমন, আল্লাহ্ তা‘আলা বলেন-

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِم بِهَا وَصَلِّ عَلَيْهِمْ ۖ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ ۗ وَاللَّـهُ سَمِيعٌ عَلِيمٌ

অর্থাৎ তাদের সম্পদ হতে সাদাকাহ গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবে (সূরাহ আত তাওবাহ-৯:১০৩)।

অন্য আয়াতে বলা হয়েছে,

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّـهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّـهِ ۗ وَاللَّـهُ عَلِيمٌ حَكِيمٌ

অর্থাৎ সাদাকাহ তো ফকির ও মিসকিনদের জন্য... (সূরাহ আত তাওবাহ-৯: ৬০)। রাসূলুল্লাহ (সা.) বলেছেন ‘পাঁচ ওয়াসাকের কম ফসলে সাদাকাহ নেই।’

মু‘আয ইবন জাবাল (রা)-কে ইয়ামানে প্রেরণের সময় রাসূলুল্লাহ (সা.) বলেছিলেন, ‘তাদেরকে জানিয়ে দেবে যে, আল্লাহ্ তা‘আলা তাদের সম্পদে সাদাকাহ্ ফরয করেছেন, যা ধনীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।’ যাকাত সংগ্রহকারীকে ‘মুসাদ্দিক’ বা সাদাকাহ সংগ্রহকারী বলা হতো। উপরের আয়াত ও হাদীসগুলোতে ‘সাদাকাহ’ শব্দটি ‘যাকাত’ তথা ‘অত্যাবশ্যকীয় দান’-এর অর্থে ব্যবহৃত হয়েছে।

(খ) আতিয়্যাহ (العطية)

আল্লাহ্র উদ্দেশ্যে বা ভালোবাসার জন্য মানুষ যা কিছু দান করে তাই ‘আতিয়্যাহ’ হিসেবে গণ্য হয়। এ পরিভাষাটি যাকাত, সাদাকাহ, হিবা এবং অনুরূপ দানসমূহকে অন্তর্ভুক্ত করে।

(গ) ইনফাক (الإنفاق)

যাকাতের কাছাকাছি অর্থের আরেকটি পরিভাষা হলো ‘ইনফাক’। ইনফাকও একটি ব্যাপক অর্থবোধক পরিভাষা। যাকাত ও সাদাকাহসহ পুণ্য ও কল্যাণের পথে সর্বপ্রকার ব্যয় ইনফাক-এর অন্তর্ভুক্ত। স্ত্রীকে মোহর প্রদান এবং পিতামাতার ভরণপোষণের ক্ষেত্রেও আল-কুরআনে ‘ইনফাক’ শব্দটি ব্যবহৃত হয়েছে। ‘ইনফাক’ শব্দের সাথে ‘ফী সাবীলিল্লাহ’ বাক্যাংশ যুক্ত হলে সাধারণত আল্লাহ্র পথে জিহাদে অর্থব্যয় করাকে বুঝানো হয়।

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, শুরুর দিকে যাকাত ও সাদাকাহ্ সমার্থবোধক পরিভাষা হিসেবে ব্যবহৃত হতো। ধীরে ধীরে ফিকহ অভিজ্ঞানের গ্রন্থগুলোতে দুটো পরিভাষা পৃথক হয়ে যায়; ‘অত্যাবশ্যকীয় দান’ যা ইসলামের তৃতীয় স্তম্ভ, এ অর্থে যাকাত পরিভাষাটির প্রচলন নির্দিষ্ট হয়ে যায়। অপরদিকে সর্বপ্রকারের ‘ঐচ্ছিক দান’ বুঝাতে সাদাকাহ্ শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যাকাত ও সাদাকাহ-এর মাঝে বিদ্যমান পার্থক্যগুলো নিম্নে দেয়া হলো:

 

যাকাত

সদাকাহ

যাকাত শব্দের অর্থ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া ও পবিত্রতা অর্জন করা;

সদাকাহ শব্দের অর্থ সত্যবাদিতা অর্থাৎ ঈমানের সত্যতা প্রমাণে ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থব্যয় করা।

যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ, সামর্থ্যবান মুসলিমের ওপর যাকাত আদায় করা ফরয;

সাদাকাহ ইসলামের স্তম্ভ নয়, সাদাকাহ দেয়া সাওয়াবের কাজ; তবে এটি ফরয নয়।

যাকাত অস্বীকারকারীর বিরুদ্ধে যুদ্ধ করা যায়;

সাদাকাহ প্রদান না করলে কোনো শাস্তি নেই।

যাকাত অস্বীকারকারীকে পরকালীন শাস্তির ভয় দেখানো হয়েছে;

সাদাকাহ না দিলে ফযিলত ও সাওয়াব হতে বঞ্চিত হবে, তবে শাস্তি হবে না।

যাকাতযোগ্য সম্পদের প্রকৃতি ও পরিমাণ নির্ধারিত;

যে কোনো সম্পদ হতে সাদাকাহ করা যায়, এর কোনো নিসাব নেই বা আদায়ের নির্দিষ্ট পরিমাণ নেই।

যাকাতের প্রদানের হার সুনির্ধারিত;

‘ঐচ্ছিক দান’ বলে সাদাকাহর সুনির্দিষ্ট কোনো হার নেই।

প্রতি চান্দ্রবছরে একবার যাকাত প্রদান করা ফরয;

প্রতি বছর সাদাকাহ না দিলে কোনো অসুবিধা নেই। আবার এক বছরে একাধিকবারও সাদাকাহ দেয়া যায়।

সুনির্দিষ্ট খাতের বাইরে যাকাত বণ্টন করা যায় না;

যে-কোনো জনকল্যাণমূলক খাতে সাদাকাহ-এর অর্থ ব্যয় করা যায়।

সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে যাকাত ও সাদাকাহ-এর প্রয়োজনীয়তা রয়েছে। যাকাত তো অত্যাবশ্যকীয় দান, এর দাতা ও গ্রহীতা নির্ধারিত। মুসলিম সমাজের সদস্যরা যদি যাকাত ব্যতীত অন্য কোনো দান না করে তবে সমাজের অনেক প্রয়োজন বা জরুরি কর্তব্য সম্পাদন করা সম্ভব হবে না। তাই যাকাত প্রদানের পাশাপাশি সাদাকাহ প্রদানেও এগিয়ে আসা উচিত।


Content section image

যাকাত ও আয়কর


অনেকে ভুলবশত যাকাত ও আয়কর অভিন্ন মনে করেন এবং এ ধারণার বশবর্তী হয়ে যাকাত প্রদান হতে অব্যাহতি পেতে চান। তাদের যুক্তি হলো রাসূলুল্লাহ্ (সা.) ও খোলাফায় রাশিদুনের আমলে রাষ্ট্রীয়ভাবে যাকাত সংগ্রহ ও বণ্টন করা হতো। বর্তমানে সরকার সামর্থ্যবান নাগরিকের কাছ থেকে কর সংগ্রহ করে। তাছাড়া দারিদ্র্য বিমোচন সরকারি কর্তব্য। তাই যারা সরকারকে কর প্রদান করে তাদেরকে ব্যক্তিগতভাবে যাকাত দিতে হবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। যাকাত ও আয়কর এক নয়। উভয়ের মাঝে উৎস ও বিধানগত পার্থক্য রয়েছে। আয়কর প্রদান করলে কিছুতেই যাকাত হতে অব্যাহতি পাওয়া যাবে না। নিম্নের সারণিতে বিষয়টি আরো পরিষ্কারভাবে উপস্থাপন করা হলোঃ

যাকাত

আয়কর

যাকাত ইসলামের তৃতীয় রুকন বা স্তম্ভ;

কর প্রদান রাষ্ট্রীয় কর্তব্য।

যাকাত বিধানের উৎস হলো কুরআন ও সুন্নাহ্;

কর সংক্রান্ত আইন, বিধি-বিধানের উৎস হলো আইনসভা/সরকারের আদেশ/পরিপত্র।

যাকাতযোগ্য সম্পদের প্রকৃতি ও পরিমাণ (নিসাব) সুনির্দিষ্ট এবং চিরদিনের জন্য অপরিবর্তনীয়;

করযোগ্য সম্পদের প্রকৃতি ও পরিমাণ নির্দিষ্ট নয়; সরকারি সিদ্ধান্তের আলোকে তা নির্ধারিত হয় এবং তা পরিবর্তনশীল।

যাকাতের হার সুনির্দিষ্ট ও অপরিবর্তিত;

কর প্রদানের হার পরিবর্তনশীল।

যাকাত ব্যয়ের খাতসমূহ কুরআন দ্বারা নির্ধারিত;

করের অর্থ দ্বারা সরকারের রাজস্ব ও উন্নয়ন ব্যয় মেটানো হয়।

যাকাত সরকারিভাবে প্রদান করা যায়, আবার ব্যক্তিগত ও বেসরকারিভাবেও বণ্টন করা যায়;

দেশের সরকারই কর সংগ্রহ ও ব্যয় করে; করের অর্থ ব্যক্তিগত বা বেসরকারিভাবে ব্যয় করা যায় না।

যাকাত ধর্মীয় কর্তব্য হওয়ায় এটি কেবল মুসলিমের ওপর ফরয;

আয়করের বিধান সম্পদশালী সকল নাগরিকের ওপর প্রযোজ্য।

যাকাত প্রদানের বিষয়ে কেউ কাউকে অব্যাহতি দিতে পারে না;

সরকার তার নাগরিকদের কর প্রদানের ক্ষেত্রে অব্যাহতি বা হ্রাস-বৃদ্ধি করতে পারে।

যাকাত সমানুপাতিক হারে (proportionate) নির্ধারণ করতে হয়;

করের হার সমানুপাতিক (proportionate), প্রগতিশীল (progressive) ও অধ:গতিশীল (regressive)।



যাকাতের তাৎপর্য


সালাত শারীরিক ইবাদাত হওয়ায় ‘আল্লাহ্র হক’-এর সাথে সম্পৃক্ত। অপরদিকে যাকাত আর্থিক ইবাদাত; এর সাথে আল্লাহ্ ও বান্দা-উভয়ের ‘হক’ জড়িত। যাকাত আদায়ের মাধ্যমে একদিকে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব; অপরদিকে দারিদ্র্যের অভিশাপ হতে সমাজকে মুক্ত করাও সম্ভব। নিম্নে যাকাতের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য তুলে ধরা হলোঃ   

 

 

(ক) যাকাতের ধর্মীয় তাৎপর্য

আমরা সকলেই জানি যে, যাকাত ইসলামের তৃতীয় রুকন বা স্তম্ভ। ফরয আমলগুলোর মধ্যে সালাতের পরই যাকাতের স্থান। আল-কুরআনে অন্যূন ২৮টি স্থানে সালাতের সাথে যাকাতের উল্লেখ করা হয়েছে। যাকাত আদায়ের মাধ্যমে একজন মুসলিম একটি ফরয ইবাদাত আদায় করেন। সুতরাং যাকাতের ধর্মীয় তাৎপর্য অপরিসীম।

প্রথমত: যাকাত আদায়ের মাধ্যমে ব্যক্তির অন্তর কলুষমুক্ত হয়। সম্পদের লোভ মানুষের সহজাত প্রবৃত্তি। তবে এটির নিয়ন্ত্রণেই মানুষের কল্যাণ। যাকাত মানুষের কাছে এ সুযোগ এনে দেয়। প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ সম্পদ দান করলে মানুষের মন লোভ-লালসা ও কৃপণতার ব্যাধি হতে মুক্তি লাভ করে। আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যাকাতের ভূমিকার কথা আল-কুরআনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত: যাকাত পাপমুক্তির সুযোগ এনে দেয়। মানুষের মাঝে সর্বদা সুপ্রবৃত্তি ও কুপ্রবৃত্তির লড়াই বহমান। প্রবৃত্তির তাড়নায় মানুষ পাপে লিপ্ত হয়। যাকাত ও সাদাকাহ প্রদান করলে আল্লাহ্ তা‘আলা মানুষের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তায়ালা বলেন,

إِن تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ ۗ وَاللَّـهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿٢٧١﴾

‘তোমরা যদি প্রকাশ্যে দান করো, তবে তা ভালো। কিন্তু যদি দান করো গোপনে এবং তা দাও অভাবী লোকদের, তবে তা তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর। আর তিনি (দানের কারণে) তোমাদের কিছু পাপ মোচন করে দেবেন। তোমরা যা করো, তিনি তার খবর রাখেন’। (সূরাহ আল-বাক্বারাহ- ২:২৭১)

তৃতীয়ত: যাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয়। উল্লেখ্য যে, সম্পদ নিরঙ্কুশভাবে মানুষের অর্জন নয়। আল্লাহ্ পৃথিবীময় সম্পদ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। মানুষ চেষ্টা-প্রচেষ্টা বিনিয়োগ করে সম্পদ অর্জন করে। তাই বলে সম্পদকে কেবল নিজস্ব চেষ্টার ফল বলে ধরে নেওয়া যায় না। আমরা লক্ষ্য করি যে, বহু মানুষ প্রাণান্তকর চেষ্টা করেও সম্পদ উপার্জন করতে সক্ষম হয় না। আবার কেউ কেউ সহজেই বিরাট সম্পদের মালিক হয়। কারণ আল্লাহ্ যাকে ইচ্ছা রিযিক প্রশস্ত করেন, আবার যাকে ইচ্ছা রিযিক সংকীর্ণ করে দেন। সম্পদশালীকে আল্লাহ্ তা‘আলা যেমন সম্পদ দিয়েছেন তেমনি ঐ সম্পদে গরিবের হক রেখে দিয়েছেন। আল-কুরআনে বলা হয়েছে,

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ ﴿١٩﴾

‘তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক রয়েছে’।

(সূরাহ আয-যারিয়্যাত-৫১: ১৯)।

আল্লাহ্ কর্তৃক নির্ধারিত হক বলে এটিকে ‘আল্লাহর হক’ বলেও অভিহিত করা হয়। যাকাত আদায় না করলে ধনীর সম্পদে আল্লাহ্ ও গরিবের হক থেকে যায়। অপরের হক বিদ্যমান থাকায় সম্পদ পবিত্র হয় না। আর তাই যাকাত প্রদানের মাধ্যমে ধনীরা তাদের সম্পদে বিদ্যমান অপরের হক আদায় করতে সমর্থ হন। এভাবে তাদের সম্পদ পবিত্র হয়। সম্পদ পবিত্রকরণে যাকাতের ভূমিকার বিষয়ে রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তো যাকাত ফরয করেছেন তোমাদের অবশিষ্ট সম্পদকে পবিত্র করার জন্য’। (সুনান আবু দাউদ)

চতুর্থত: যাকাত আদায় করলে সম্পদ নিরাপদ হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে, যাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়। পবিত্র সম্পদকে আল্লাহ্ তা‘আলা বিপদাপদ ও দৈব-দুর্বিপাক হতে নিরাপদে রাখেন। হযরত আইশা সিদ্দীকা (রা.) বর্ণনা করেছেন, ‘কোনো সম্পদে যাকাত মিশ্রিত হলে তা ঐ সম্পদকে ধ্বংস করে দেয়।’ অর্থাৎ যাকাত আদায় না করলে তা মূল সম্পদের সাথে মিশে যায়, ফলে তা সম্পদকে ধ্বংস করে দেয়। এ হাদীসের ভাবার্থের বিপরীত প্রয়োগে বলা যায়, যাকাত আদায় করলে সম্পদ নিরাপদে থাকে।

(খ) যাকাতের সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য

যাকাতের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান পৃথিবীর অশান্তির অন্যতম কারণ হলো দারিদ্র্য।  বিস্ময়কর বিষয় হলো যে, সম্পদের স্বল্পতা দারিদ্র্যের কারণ নয়; পৃথিবীতে কখনো সম্পদের স্বল্পতা ছিল না, এখনো নেই। দারিদ্র্যের মূল কারণ হলো সমাজের কিছু শ্রেণির মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হওয়া, অবশিষ্ট জনগণের সম্পদশূন্য হওয়া। বিগত জানুয়ারি ১৬, ২০১৭ তারিখে সংবাদসংস্থা রয়টার্স-এর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, পৃথিবীর আট শীর্ষ ধনীর হাতে রয়েছে বিশ্বের মোট সম্পদের অর্ধেক। অর্থাৎ উক্ত আট ব্যক্তির কাছে যে সম্পদ আছে তা বর্তমান পৃথিবীর অর্ধেক মানুষের সম্পদের সমান।

যাকাত কেন্দ্রীভূত সম্পদের ভান্ডারকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়। যাকাত ব্যবস্থায় ধনী হতে দরিদ্রের মাঝে, মুষ্টিমেয় ব্যক্তির ভা-ার হতে বিপুল জনগোষ্ঠীর হাতে সম্পদ আবর্তিত হয়। ফলে  বৈষম্য হ্রাস পায়। একটি তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে, যাকাত ফরয হওয়ার জন্য খুব বেশি সম্পদের প্রয়োজন নেই। মৌলিক খরচের অতিরিক্ত সম্পদ এক চান্দ্রবছর হাতে থাকলেই যাকাত দিতে হয় (স্বর্ণ বা রূপার হিসাবে)। আবার যাকাতের পরিমাণও খুব বেশি নয়, মাত্র ২.৫% ভাগ। কারণ ইসলাম চায় না সচ্ছল ব্যক্তি যাকাত দিতে গিয়ে আবার গরিব হয়ে যাকাতের হকদারের শ্রেণিতে নেমে আসুক। এভাবে যাকাত-দাতা ও গ্রহীতার মাঝে অর্থনৈতিক ব্যবধান খুব দ্রুত সংকীর্ণ হয়ে আসবে। আর তাই বলা যায়, বণ্টন বৈষম্য দূর করে যাকাত অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করে, ফলে দূরীভূত হয় দারিদ্র্য। যাকাতের বিধানে ধনীদের জন্যও সুরক্ষা আছে। প্রথমত যাকাতের পরিমাণ একেবারেই কম (২.৫%), দ্বিতীয়ত সম্পদ বর্ধনশীল হওয়ার শর্ত, এর উদ্দেশ্য হলো যাকাত দিতে গিয়ে ধনী যেন আবার দরিদ্র হয়ে না পড়ে।

(গ) উৎপাদন বৃদ্ধিতে যাকাতের ভূমিকা

সমাজের ক্ষুদ্র একটি অংশের হাতে সম্পদ পুঞ্জীভূত হয়ে থাকলে উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। সচ্ছলতার অভাবে সাধারণ ভোক্তারা পণ্য ক্রয় করতে পারে না। ক্রয়ক্ষমতার অভাবে চাহিদা কমে, আর চাহিদার অভাবে উৎপাদন হ্রাস পায়। তদুপরি কেবল ধনিক শ্রেণির হাতে সম্পদ থাকার কারণে বাজারের পণ্যবৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ে। ধনী ভোক্তাদের পণ্য শ্রেণি পৃথক হয়ে থাকে। ফলে সাধারণ ভোক্তাদের ওপর নির্ভর করে এমন শিল্প তথা ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। যাকাতের মাধ্যমে গরিবের ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়ায় উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসে, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গতিপ্রাপ্ত হয়।

অর্থনীতির সূচকগুলো একটি আরেকটির ওপর নির্ভরশীল। উৎপাদনের সাথে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে। দরিদ্রদের হাতে পুঁজি না থাকায় তারা কোনো বিনিয়োগ করতে পারে না। তাদেরেকে যাকাত দেয়া হলে তারা তা উৎপাদনে বিনিয়োগ করতে পারে। উৎপাদনে গতি আসার কারণে কর্মসংস্থান বেড়ে যায়। আবার কর্মসংস্থান বেড়ে যাওয়ায় বেকারত্ব দূর হয়। সাধারণত দেখা যায়, সামাজিক অপরাধের অন্যতম প্রধান কারণ বেকারত্ব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস করে বলে অপরাধ প্রবণতা হ্রাসের ক্ষেত্রে যাকাতেরও ভূমিকা রয়েছে।

(ঘ) দারিদ্র্য বিমোচনে যাকাত

আল্লাহ তাআ’লা কুরআনে বিভিন্ন জায়গায় এরশাদ করেন-

مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّـهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً ۚ وَاللَّـهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٢٤٥﴾

‘আল্লাহ্ যাকে ইচ্ছা অঢেল সম্পদ দেন, আবার কারো রিযিক সংকীর্ণ করে দেন’। (সূরাহ আল-বাক্বারাহ, ২: ২৪৫)

অন্য আয়াতে বলেন-

اللَّـهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ ﴿٢٦﴾

‘আল্লাহ যার জন্যে ইচ্ছা রুযী প্রশস্ত করেন এবং সংকুচিত করেন’।

(সূরাহ আর-রা’দ, ১৩: ২৬)

إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا ﴿٣٠﴾

‘নিশ্চয় আপনার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবনপোকরণ দান করেন এবং তিনিই তা সংকুচিত করেন’। (সূরাহ বনি ঈসরাইল, ১৭: ৩০)

সম্পদ ও দারিদ্র্য দুটো দিয়েই আল্লাহ্ তা‘আলা মানুষকে পরীক্ষা করেন। তিনি দেখতে চান যে, সম্পদের মালিক হয়ে ধনীরা তাঁর প্রতি শোকরগুজার করে কিনা এবং দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা। আবার দরিদ্ররা তাদের অসচ্ছল অবস্থা ধৈর্যের সাথে মোকাবেলা করে আল্লাহ্র অনুগ্রহপ্রাপ্তির জন্য সুন্দরভাবে প্রচেষ্টা চালায় কিনা। ফরয ইবাদাত হিসেবে যিনি যাকাত আদায় করেন তার মনে কখনো প্রদর্শনেচ্ছা বা নাম কুড়ানোর আকাক্সক্ষা থাকতে পারে না। আল্লাহ্ বলেন,

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ ﴿١٩﴾

‘ধনীদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতের অধিকার রয়েছে’।

(সূরাহ আয যারিয়াত, ৫১: ১৯)।

অতএব যাকাত আদায়ের মাধ্যমে ধনী ব্যক্তি তার সম্পদে স্থিত ‘গরিবের হক’ আদায় করেন। তাই তার মনে অহঙ্কার বা দানশীলতার গর্ব সৃষ্টি হওয়া উচিত নয়। অপরদিকে, উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। তাই গরিবরা স্বভাবতই যাকাত প্রদানকারীর প্রতি কৃতজ্ঞ থাকে। এভাবে পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি, সম্মানপ্রদর্শন ও কৃতজ্ঞতাবোধের পরিবেশ গড়ে ওঠে। ইসলাম শ্রেণিবৈষম্য ও শ্রেণিভেদের অজুহাত তুলে সমাজে বিভক্তি সৃষ্টি করতে চায় না। এর পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান ও ভালোবাসার পরিবেশ তৈরী করতে চায়, যা যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করার মাধ্যমে সৃষ্টি করা সম্ভব।  

(ঙ) যাকাত আদায়ের মর্যাদা

যাকাত আদায়ের অনেক মর্যাদা ও গুরুত্ব রয়েছে। যাকাত কবরে মানুষকে রক্ষা করবে। একটি দীর্ঘ হাদীসে বলা হয়েছে যে, একজন মু’মিনকে যখন কবরে রাখা হয় তখন তার আমলগুলো চতুর্দিকে অবস্থান নেয়; তার মাথার কাছে সালাত, ডান পাশে সাওম, বাম পাশে যাকাত ও পায়ের দিকে অবস্থান নেয় নফল আমলগুলো। অতঃপর এগুলো বর্ম হিসেবে ভূমিকা পালন করে তাকে কবরের আযাব হতে রক্ষা করে। আল্লাহ্তা‘আলা যাকাত আদায়কারীদের ভুল-ত্রুটি ও পাপমোচন করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তায়ালা বলেন,

وَلَقَدْ أَخَذَ اللَّـهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَيْ عَشَرَ نَقِيبًا ۖ وَقَالَ اللَّـهُ إِنِّي مَعَكُمْ ۖ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنتُم بِرُسُلِي وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّـهَ قَرْضًا حَسَنًا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ فَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ ﴿١٢﴾

‘আল্লাহ্ বনি ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারো জন নকীব নিয়োগ করেছিলাম। আল্লাহ্ তাদের বলেছিলেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আমার রাসূলদের প্রতি ঈমান রাখো, তাঁদের সাহায্য করো এবং আল্লাহকে উত্তম পন্থায় ঋণ দিতে থাকো তাহলে অবশ্যি তোমাদের থেকে মুছে দেবো তোমাদের পাপসমূহ এবং অবশ্যি অবশ্যি তোমাদের দাখিল করব জান্নাতসমূহে যেগুলোর নিচ দিয়ে বহমান থাকবে নদ-নদী নহর’। (সূরাহ আল মাইদাহ-৫: ১২)

(চ) যাকাত আদায় না করার পরিণতি

আল্লাহ্র সকল বিধান মানুষের সার্বজনীন কল্যাণের জন্য। আল্লাহ্ তা‘আলার প্রতিটি আদেশ-নিষেধের দুই ধরনের ফলাফল বা পরিণতি রয়েছে। একটি পরকালে পাওয়া যাবে এবং সেটিই মুখ্য। তাঁর আদেশ অমান্য করার পরিণাম ইহকালেও ভোগ করতে হয়, যদিও অনেক সময় মানুষ তা উপলব্ধি করতে পারে না।

প্রথমত: ধনীর সম্পদে যেহেতু দরিদ্র ও নিঃস্বের অধিকার থাকে তাই যাকাত আদায় না করলে সম্পদে অপরের অধিকার থেকে যায়। ফলে তা পবিত্র হয় না। অপবিত্র সম্পদে আল্লাহ্ পাক বরকত দান করেন না এবং ঐ সম্পদধারী আল্লাহ্র রহমত হতে বঞ্চিত হয়। শুধু তাই নয়, যে জনগোষ্ঠী যাকাত বা সাদাকাহ আদায় করে না আল্লাহ্ তাদের ওপর খরা ও দুর্ভিক্ষের মতো দুনিয়াবী শাস্তি প্রেরণ করেন। রাসূলুল্লাহ্ (সা) বলেন, ‘কোনো সম্প্রদায় যাকাত দানে অস্বীকৃত হলে আল্লাহ্ তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে শাস্তি দেন’ (তাবারানী)।

দ্বিতীয়ত: রাসূলুল্লাহ (সা) বলেন, ‘যে ব্যক্তি সাওয়াবের আশায় যাকাত দেবে তার জন্য রয়েছে প্রতিদান। আর যে যাকাত দেবে না আমরা তার সম্পদ হতে যাকাত আদায় করবই; উপরন্তু আমাদের রবের কড়া নির্দেশের আলোকে তার সম্পদের একাংশ নিয়ে নেবো। তবে মুহাম্মদের পরিবারের জন্য এর কোনো অংশই হালাল নয়’ (আহমদ, নাসাঈ, আবু দাউদ)। এ হাদীস হতে বোঝা যায়, কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে তাহলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তার কাছ থেকে যাকাত আদায়ের পাশাপাশি আল্লাহ্র বিধান অমান্য করার ধৃষ্টতা প্রদর্শনের জন্য জরিমানাও আদায় করবেন।     

তৃতীয়ত: যাকাত আদায় না করে যারা সম্পদ পুঞ্জীভূত করে রাখবে কিয়ামতের দিন ঐ সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তার মালিকের শরীরে সেঁক দেয়া হবে। আল্লাহ তা‘আলা বলেন, 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِّنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ اللَّـهِ ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّـهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٣٤﴾يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَـٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ ﴿٣٥﴾

অর্থাৎ  ‘আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। সে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে), এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে তার স্বাদ গ্রহণ করো জমা করে রাখার।” (সূরাহ আত তাওবা ৯:৩৪-৩৫)। রাসুল স. বলেছেন, ‘কিয়ামত দিবসে এমন শাস্তি জান্নাত বা জাহান্নামের ফায়সালা হওয়ার পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে’ (সুনান আবূ দাউদ)।

চতুর্থত: যারা বিপুল সংখ্যক চতুষ্পদ জন্তুর মালিক ছিল, কিন্তু যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন ঐ জন্তুগুলোকে তাদের মালিকের কাঁধের ওপর চাপানো হবে। তারা রাসূলুল্লাহ্ (সা.)-এর কাছে ছুটে গিয়ে কাকুতি মিনতি করবে। কিন্তু তিনি তাদের জন্য সুপারিশ করবেন না। রাসুল স. বলেছেন, চতুষ্পদ জন্তুর মালিকরা যদি যাকাত আদায় না করে তাহলে কিয়ামতের দিন ঐ ব্যক্তিকে উপুড় করে শোয়ানো হবে। তারপর তার জন্তুগুলোকে পূর্বের চেয়ে বেশি মোটাতাজা করে উপস্থিত করা হবে। জন্তুগুলো তাদের মালিককে শিং দিয়ে গুঁতো দেবে এবং খুর দ্বারা পদদলিত করবে। কোন জন্তুর শিং বক্র হবে না বা কোনোটা শিঙবিহীন হবে না। সর্বশেষ জানোয়ারটি পদদলন করার পর প্রথমটিকে ফিরিয়ে আনা হবে। এভাবে শাস্তি চলতে থাকবে জান্নাত বা জাহান্নামের ফায়সালা হওয়ার আগ পর্যন্ত। সেই দিনটির দৈর্ঘ্য হবে ৫০ হাজার বছরের সমান। চতুষ্পদ জন্তু মেষ হোক বা উট হোক- যাকাত দেয়া না হলে পশুমালিককে এমন শাস্তি দেয়া হবে (সুনান আবু দাউদ)।

পঞ্চমত: যারা বিপুল সম্পদের মালিক, অথচ যাকাত আদায় করে না, কিয়ামতের দিন ঐ সম্পদ সাপের আকৃতি ধারণ করে তার মালিককে দংশন করবে। রাসূলুল্লাহ্ (সা.) বলেন, ‘যাকে আল্লাহ্ সম্পদ দান করেছেন কিন্তু সে তার যাকাত দেয়নি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথাওয়ালা সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। সাপটি তার মুখের দু’পাশে দংশন করে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার’ (সহীহ আল বুখারী)। 


↑